![]() |
| ছবিতে: নিউজিল্যান্ড বনাম বাংলাদেশের একটি ম্যাচ |
ঠিক অস্ট্রেলিয়ার মতো ঝটিকা সফর না হলেও জৈব সুরক্ষাবলয় নিয়ে নিউজিল্যান্ডের চাহিদাও একই রকম। অস্ট্রেলিয়ার মতো নিউজিল্যান্ড দলেও নেই শীর্ষ সারির ক্রিকেটাররা। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৪ আগস্ট বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। প্রথমে অনুশীলন ম্যাচ খেলার কথা থাকলেও নিউজিল্যান্ড শেষ পর্যন্ত খেলছে না সেটি। সব মিলিয়ে প্রায় অস্ট্রেলিয়া সিরিজের আবহেই হবে নিউজিল্যান্ড সিরিজ।
অবশ্য অস্ট্রেলিয়ার মতো ভাড়া করা নয়, সাধারণ বাণিজ্যিক উড়োজাহাজেই আসবে কিউইরা। তবে অস্ট্রেলিয়ার সঙ্গে নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরে পার্থক্য থাকতে পারে আরেকটি। এ সিরিজের ম্যাচগুলোর সময় অস্ট্রেলিয়ার সিরিজের সময়ের চেয়ে এগিয়ে আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।
সাত দিনের ব্যবধানে অস্ট্রেলিয়া বাংলাদেশে খেলেছিল পাঁচটি ম্যাচ। প্রতিটি ম্যাচই হয়েছিল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। সব কটি ম্যাচই শুরু হয়েছিল সন্ধ্যা ছয়টায়। নিউজিল্যান্ডও খেলবে পাঁচটি ম্যাচই, অবশ্য সিরিজ হবে ১০ দিনের। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচগুলো শুরু হতে পারে বিকেল চারটায়।
নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য ছয় ঘণ্টা। বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় খেলা শুরু হওয়া মানে নিউজিল্যান্ডে মধ্যরাত। সে ক্ষেত্রে খেলা শেষ হতে হতে সেখানে হবে ভোর। মূলত নিউজিল্যান্ডের দর্শকদের কথা ভাবনায় রেখেই খেলার সময় নির্ধারণের পরিকল্পনা বিসিবির। আজ সংবাদমাধ্যমকে নিজাম বলেছেন, ‘নিউজিল্যান্ডের সঙ্গে আমাদের সময়ের বড় একটা পার্থক্য আছে। তাদের দর্শকেরও (সুবিধাজনক সময়ে খেলা দেখার) একটা ব্যাপার থাকে। সবকিছু বিবেচনা করে টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করেছি। আমাদের পরিকল্পনায় রয়েছে বিকেল চারটার দিকে খেলা শুরু করা।’
অস্ট্রেলিয়া বাংলাদেশে এসে কোনো অনুশীলন ম্যাচ না খেললেও নিউজিল্যান্ডের খেলার কথা ছিল। ২৯ আগস্ট বিকেএসপিতে সে ম্যাচ রেখে সূচিও চূড়ান্ত করেছিল বিসিবি। তবে সম্প্রতি জানা গেছে, অন্য ভেন্যুতে আরেকটি জৈব সুরক্ষাবলয়ে ঢুকতে চায় না নিউজিল্যান্ড। ফলে বাদ দেওয়া হয়েছে নিউজিল্যান্ডের অনুশীলন ম্যাচের পরিকল্পনা।
২৪ আগস্ট বাংলাদেশে আসার পর তিন দিন কোয়ারেন্টিনে থাকবে নিউজিল্যান্ড। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম ম্যাচ ১ সেপ্টেম্বর। ১০ সেপ্টেম্বর হবে সিরিজের শেষ ম্যাচ। ২০১৩ সালের পর এই প্রথম দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড। অবশ্য এ সময়ের মধ্যে তিন দফা নিউজিল্যান্ড সফরে গেছে বাংলাদেশ। সর্বশেষ এ বছরের শুরুতে সীমিত ওভারের সিরিজ খেলে এসেছে বাংলাদেশ।
দীর্ঘদিনের বাংলাদেশ সফরের ‘খরা’ কাটলেও নিউজিল্যান্ড দলের হয়ে আসছেন না তাদের শীর্ষ সারির ক্রিকেটাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপ, পাকিস্তান সফর ও বাংলাদেশ সফরের জন্য একসঙ্গে স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। তবে বাংলাদেশ সফরের স্কোয়াডে রাখা হয়নি টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের কাউকেই। বাংলাদেশ সফরের পরপরই শুরু হবে স্থগিত হয়ে যাওয়া আইপিএলের পরের অংশ। সেই লিগ খেলতেই ব্যস্ত থাকবেন কেন উইলিয়ামসনরা।

0 মন্তব্যসমূহ
if you have any doubts please let me know