নিজস্ব প্রতিবেদক
![]() |
| ছবি: সংগৃহীত |
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের প্রস্তুতি নিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দলের কার্যনির্বাহী সংসদের বৈঠক শেষে গণভবনের দরজায় দাঁড়িয়ে আজকের আলোচনার বিষয়বস্তু সাংবাদিকদের জানাতে গিয়ে দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।
তিনি বলেন, পরবর্তী সংসদ নির্বাচনের প্রস্তুতির লক্ষ্যে আমাদের অর্থনৈতিক নীতিমালা প্রণয়ন করার নির্দেশনা দিয়েছেন দলের সভাপতি। পরবর্তী নির্বাচনের ইশতেহারে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত করা হবে, তা হালনাগাদে উপকমিটিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
আজ সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত এই বৈঠক হয়। ২০২৩ সালে দ্বাদশ সংসদ নির্বাচন হবে। করোনার কারণে প্রায় এক বছর পর দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকে আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা বললেন আওয়ামী লীগ সভানেত্রী।
ওবায়দুল কাদের বলেন, মূলত সব বিভাগের সাংগঠনিক সম্পাদকের বক্তব্য সভায় উপস্থাপন করা হয়েছে। চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক আপাতত দেশে নেই, সেখানে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ তাঁর বক্তব্যে চট্টগ্রাম বিভাগের রাজনৈতিক চিত্র তুলে ধরেন। দায়িত্বপ্রাপ্ত অন্য সাংগঠনিক সম্পাদকেরা লিখিত প্রতিবেদন দলীয় সভাপতি শেখ হাসিনার কাছে দিয়েছেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল হানিফ বলেন, যেখানে যেখানে সংগঠনের মধ্যে সমস্যা আছে, সেগুলোর সমাধান করা দরকার, এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন দলীয় সভাপতি। কিছু কিছু ছোটখাটো কলহ–বিবাদ আছে, সেগুলোও মীমাংসা করার নির্দেশ দিয়েছেন তিনি।
দলীয় কোন্দল সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, পাবনায় গত পৌরসভা নির্বাচন ঘিরে অনেকেই সেখানে বিদ্রোহ করেছেন। প্রায় ২০ জন নেতা ক্ষমা চেয়ে একটি চিঠি পাঠিয়েছেন। তাঁদের ক্ষমা করে দিয়েছেন দলের সভাপতি। তবে দলীয় প্রধান এ ও বলেছেন, যাঁরা দলের শৃঙ্খলার বাইরে কাজ করেছেন বিভিন্ন জায়গায়, তাঁদের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তির ব্যবস্থা নিতে হবে। তাঁদের বিষয়ে ছাড় দেওয়া যাবে না।
ওবায়দুল কাদের বলেন, সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র চলছে, তা নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, যতই নির্বাচনের দিন ঘনিয়ে আসছে ততই অপপ্রচার বাড়ছে। এসব অপপ্রচারের জবাব দিতে হবে, যেকোনো চক্রান্তমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে দলের সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। তিনি জানান, সহযোগী সংগঠনের নেতারা সারা দেশে ঘুরে ঘুরে করোনা পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়িয়েছেন, সে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব খুশি হয়েছেন । সবাইকে মোবারকবাদ জানিয়েছেন ।

1 মন্তব্যসমূহ
জয় বাংলা _ জয় বঙ্গবন্ধু।
উত্তরমুছুনif you have any doubts please let me know