![]() |
| ছবি সংগৃহীত |
ই–কমার্স প্রতিষ্ঠান ই–অরেঞ্জের বিরুদ্ধে ১ হাজার ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে গ্রাহকদের পক্ষ থেকে প্রতারণার মামলা করেছেন তাহেরুল ইসলাম নামের এক ব্যক্তি। আজ মঙ্গলবার রাজধানীর গুলশান থানায় মামলাটি করা হয়।
মামলায় প্রতিষ্ঠানটির মালিক সোনিয়া মেহাজাবিন, মাসুকুর রহমান, আমানুল্লাহ, বিথী আক্তার ও কাওসারকে আসামি করা হয়। এজাহারনামীয় আসামি ছাড়াও ই-অরেঞ্জের অন্য মালিকদেরও অজ্ঞাতপরিচয় আসামি করা হয়।
তাহেরুল ইসলাম মামলায় অভিযোগ করেন, গত ২৮ এপ্রিলের পর থেকে বিভিন্ন সময় পণ্য ক্রয় করার জন্য ই–অরেঞ্জকে অর্থ প্রদান করেন। নির্দিষ্ট সময়ের পরও তারা পণ্য সরবরাহ করেনি। ওই প্রতিষ্ঠানের অফিসে গিয়ে এ বিষয়ে জানতে চাইলে তারা এগুলো কিছুদিনের মধ্যে সরবরাহ করবে বলে জানায়। কিন্তু তারা পণ্য সরবরাহ না করে প্রায় এক লাখ গ্রাহকের ১ হাজার ১০০ কোটি টাকা আত্মসাৎ করে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান প্রথম আলোকে বলেন, ই–অরেঞ্জের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মামলার বাদী তাহেরুল ইসলাম বলেন, ‘মামলার আসামিরা সবাই অফিশিয়াল কার্যক্রম বন্ধ করে গা ঢাকা দিয়েছে। তারা যেকোনো সময় দেশত্যাগ করতে পারে বলে আমরা জানতে পেরেছি।’

0 মন্তব্যসমূহ
if you have any doubts please let me know