![]() |
| বিসিবির সভাপতি নাজমুল হাসান : ১৫ আগস্ট ২০২৪, |
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন নাজমুল হাসান। বিসিবির একজন শীর্ষ পরিচালক নিশ্চিত করেছেন যে, তিনি দেশের বাইরে থেকে ফোনে এ ইচ্ছার কথা জানিয়েছেন। ধারণা করা হচ্ছে, সরকার পরিবর্তনের পর নাজমুল হাসান লন্ডনে চলে গেছেন।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, বর্তমানে বোর্ডের কয়েকজন সক্রিয় পরিচালক গতকাল বৈঠকে বসে নিজেদের করণীয় নির্ধারণ করছিলেন। সেই বৈঠকে একজন পরিচালক নাজমুল হাসানের পদত্যাগের ইচ্ছার কথা জানান। নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালক বলেছেন, বিসিবিতে সংস্কারের সুযোগ দিতে নাজমুল হাসান সভাপতির পদ থেকে পদত্যাগ করতে রাজি হয়েছেন। তবে গঠনতন্ত্র অনুযায়ী, তাকে লিখিতভাবে বোর্ডকে পদত্যাগের সিদ্ধান্ত জানাতে হবে, যা পরে পরিচালনা পর্ষদের সভায় অনুমোদিত হবে।
তবে বোর্ড সভা ডাকার দায়িত্ব বর্তমান সভাপতি নাজমুল হাসানের, যা তিনি বিদেশে থেকেও করতে পারবেন এবং এ ব্যাপারে আশ্বস্তও করেছেন। তিনি প্রধান নির্বাহীর মাধ্যমে সভা ডেকে অন্য কোনো পরিচালকের ওপর সভাপতিত্বের দায়িত্ব ন্যস্ত করতে পারেন। অথবা সভাপতির অনুপস্থিতিতে উপস্থিত সদস্যদের কারও প্রস্তাবে একজন পরিচালক সভা পরিচালনা করতে পারেন। নাজমুল হাসান আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র পাঠালে এ সভা ডাকা হবে বলে জানা গেছে।
বৈঠকে পরিচালকদের কেউ কেউ বলেছেন, নির্বাচিত পরিচালনা পর্ষদ থাকলেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে মতপার্থক্য রেখে কাজ করা সম্ভব হবে না। তাই সরকারের সুস্পষ্ট নির্দেশনা প্রয়োজন। সরকার চাইলে তাঁরা সম্মিলিতভাবে পদত্যাগ করবেন।
তবে বৈঠকে এ আলোচনা হয়েছে যে, বোর্ডে পরিবর্তন বাংলাদেশে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। সব পরিচালকের পদত্যাগ আইসিসি ও বিশ্ব ক্রিকেটকে ভুল বার্তা দিতে পারে, যা বিশ্বকাপ আয়োজনকে ঝুঁকিতে ফেলতে পারে। এ বিষয়ে সরকারের পরামর্শ নেওয়া উচিত বলে মনে করেন পরিচালকেরা।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে হবে কি না, না হলে কোথায় হবে, সে বিষয়ে আইসিসি ২০ আগস্ট চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
গত ১১ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎ করেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী ও সাত পরিচালক। ক্রীড়া উপদেষ্টা বিসিবি কর্মকর্তাদের আইসিসির নিয়ম মেনে বোর্ড পুনর্গঠনের বিষয়ে চিন্তা করতে বলেন। সভার পর তিনি সংবাদমাধ্যমকে জানান, বিসিবি আইসিসির অধীনে একটি ফেডারেশন, তাই এ বিষয়ে তারা সিদ্ধান্ত নিতে পারবেন না। পরিচালকেরা আইসিসির নিয়ম অনুযায়ী বিষয়টি সমাধানের উপায় খুঁজবেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেবেন।
নাজমুল হাসান ২০১২ সালে সরকার মনোনীত সভাপতি হিসেবে বিসিবির দায়িত্ব নেন। ২০১৩ সালের অক্টোবরে তিনি নির্বাচিত সভাপতি হন এবং সেই থেকে তিন মেয়াদে বিসিবি সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।
.jpg)
0 মন্তব্যসমূহ
if you have any doubts please let me know