![]() |
| প্রতীকী ছবি |
চুয়াডাঙ্গায় সড়ক পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার [সেলুন]এর উপস্থিতিতে প্রশাসন ও ঐক্য পরিষদের মধ্যে বৈঠক শেষে রাতে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।
সড়কপথে সব ধরনের অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে গত সোমবার সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ জেলার আঞ্চলিক পাঁচটি সড়ক ও খুলনা পথে ৯ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দেয়। ধর্মঘটের সমর্থনে আজ মঙ্গলবার বেলা ১১টায় শহীদ হাসান চত্বরে মানববন্ধন কর্মসূচিও পালন করা হয়।
এ অবস্থায় আজ মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে আঞ্চলিক পরিবহন কমিটির সভা অনুষ্ঠিত হয়। সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা বাস ধর্মঘটকে কেন্দ্র করেই জরুরি এই সভা আহ্বান করা হয়। সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ সোলায়মান হক জোয়ার্দ্দার। অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম, বিআরটিএর সহকারী পরিচালক আতিয়ার রহমান, সড়ক পরিবহন মালিক–শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক রিপন মণ্ডল, চুয়াডাঙ্গা জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি মো. সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আবুল কালাম, সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এ কে এম মঈন উদ্দিন, জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সাইফুল হাসান জোয়ার্দ্দার ও চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম সভায় অংশ নেন।
সভায় পরিবহন নেতারা তাঁদের দাবিগুলো তুলে ধরেন। একপর্যায়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের পক্ষ থেকে প্রাথমিকভাবে জেলার মেহেরপুর-ঝিনাইদহ ভায়া চুয়াডাঙ্গা মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের ঘোষণা দেন। কর্মকর্তারা বলেন, পরীক্ষামূলকভাবে সফল হলে পরবর্তী সময়ে পর্যায়ক্রমে অন্যান্য সড়কে অবৈধ যান চলাচল বন্ধ করে দেওয়া হবে। সোলায়মান হক জোয়ার্দ্দার এই প্রস্তাবকে সমর্থন করে প্রশাসনকে ১৫ দিন পরীক্ষামূলক সময়ে বেঁধে দেন। বিষয়টি ঐক্য পরিষদের নেতারা মেনে নেন এবং খুশি মনেই তারা সেখান থেকে প্রস্থান করেন ও বাস ধর্মঘট থেকে সরে দাঁড়ান।
ঐক্য পরিষদের পক্ষ থেকে রাত্রে চুয়াডাঙ্গা জেলা সদরে মাইকিং করে এ ঘোষণা জানিয়ে দেওয়া হয় এবং গণমাধ্যমের কাছে ঘোষণা পত্র পাঠানো হয়।

0 মন্তব্যসমূহ
if you have any doubts please let me know