![]() |
| আফগানিস্তান এবং পাকিস্তানের পতাকা | ছবি সংগৃহীত |
কাবুলের সঙ্গে বাণিজ্যিক ফ্লাইট চালু করতে যাচ্ছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ)। আগামী সোমবার থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে বাণিজ্যিক এই ফ্লাইটের চলাচল শুরু হবে। আজ শনিবার বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন পিআইএর এক মুখপাত্র।
গত ১৫ আগস্ট কাবুলের ক্ষমতা তালিবানগ্রহণের আগে থেকেই আফগানিস্তান থেকে বিদেশি ও আফগানদের সরিয়ে নেওয়া শুরু করে যুক্তরাষ্ট্র ও মিত্রদেশগুলো। এ কাজে ব্যবহার করা হয় কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর। ৩১ আগস্ট পর্যন্ত চলা ওই উদ্ধার অভিযানে আফগানিস্তান থেকে ১ লাখ ২০ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়। এরপর থেকে কাবুল বিমানবন্দর চালু রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছিল তালেবান।
পাকিস্তানের ইসলামাবাদ থেকে ফ্লাইট চালুর বিষয়ে পিআইএর মুখপাত্র আবদুল্লাহ হাফিজ খান বলেন, আমরা ফ্লাইট চালু করার বিষয়ে সব ছাড়পত্র পেয়েছি। ১৩ সেপ্টেম্বর আমাদের প্রথম ফ্লাইট ইসলামাবাদ থেকে কাবুলের উদ্দেশে উড়ে যাবে।
যাত্রীদের চাহিদার ওপর ভিত্তি করে ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানিয়েছেন হাফিজ খান। তিনি বলেন, মানবিক সহায়তা সংস্থা ও সাংবাদিকদের কাছ থেকে আমরা ফ্লাইট পরিচালনার বিষয়ে ৭৩টি অনুরোধ পেয়েছি।সে আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা ফ্লাইট চালুর উদ্যোগ নিয়েছি।
গত বৃহস্পতিবার কাবুল থেকে মার্কিন নাগরিকসহ ১১৩ বিদেশিকে নিয়ে কাতারের রাজধানী দোহায় পৌঁছায় কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ। গতকাল শুক্রবারও কাবুল থেকে তুরস্কের একটি ফ্লাইট উড়ে যায়। এর আগে গত সপ্তাহে আফগানিস্তানে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল শুরু হয়। বর্তমানে আফগানিস্তানের অভ্যন্তরীণ ফ্লাইট নিয়মিত চলাচল করছে।

0 মন্তব্যসমূহ
if you have any doubts please let me know