![]() |
| ছবিতে: বরিশাল জেলার ম্যাপ |
রিশালের গৌরনদী উপজেলার একটি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মো. শহিদুল ইসলাম সিকদারকে (৩৬) পিটিয়ে জখম করার ঘটনায় মামলা হয়েছে। আজ শনিবার আহত শহিদুল ইসলাম সিকদার বাদী হয়ে ১০ জনকে আসামি করে গৌরনদী মডেল থানায় মামলাটি করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে আধিপত্য বিস্তার ও সম্প্রতি অনুষ্ঠিত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নবনির্বাচিত ইউপি সদস্য শিমুল সরদারের সঙ্গে সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলামের বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে শুক্রবার সন্ধ্যায় মোক্তারবাজার এলাকায় সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলামের ওপর হামলা চালান বর্তমান ইউপি সদস্য শিমুল সরদার ও তাঁর লোকজন। এ সময় তাঁকে পিটিয়ে জখম করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন শহিদুল ইসলাম সিকদার অভিযোগ করে বলেন, ‘আমি বাড়ি থেকে বের হয়ে ভ্যানে করে ধানডোবা বাজারে যাওয়ার পথে মোক্তারবাজারে পৌঁছালে হত্যার উদ্দেশ্যে শিমুল সরদারের নেতৃত্বে ১০–১২ জন আমার ওপর হামলা চালান। কিছু বুঝে ওঠার আগেই তাঁরা আমাকে পিটিয়ে জখম ও রক্তাক্ত করেন। পরে মুমূর্ষু অবস্থায় স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।’
অভিযোগের বিষয়ে বর্তমান ইউপি সদস্য শিমুল সরদার বলেন, ‘ঘটনার সঙ্গে আমি জড়িত নই। তবে আমার সমর্থক মোবারক হোসেন, বেলাল হোসেনের সঙ্গে শহিদের (শহিদুল ইসলাম) ঝগড়ার একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।’
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, এ ঘটনায় নবনির্বাচিত ইউপি সদস্য শিমুল সরদারসহ পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও পাঁচজনকে আসামি করে মামলা করেছেন সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

0 মন্তব্যসমূহ
if you have any doubts please let me know