হাছান মাহমুদ বলেছেন, যে অপশক্তি স্বাধীনতাবিরোধীদের আশ্রয়-দেয় এবং স্বাধীনতার ইতিহাস বিকৃত করে, সেই বিএনপি-জামায়াত এই দেশে রাজনীতি করার অধিকার রাখে না। এর একটি ফয়সালা হওয়া প্রয়োজন।
![]() |
| বক্তব্য দিচ্ছেন হাছান মাহমুদ | ছবি সংগৃহীত |
তথ্যমন্ত্রী আজ রোববার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। এ সময় মুক্তিযোদ্ধাদের উদ্দেশে মন্ত্রী বলেন, আপনাদের জীবনের সোনালি সময়ে বঙ্গবন্ধুর আহ্বানে অস্ত্র হাতে জীবনকে হাতের মুঠোয় নিয়ে যুদ্ধে গিয়েছিলেন দেশমাতৃকাকে মুক্ত করার জন্য, এ জন্য আপনাদের গভীর শ্রদ্ধা জানাই।
বিএনপি মহাসচিবের বক্তব্য, জিয়ার লাশ নিয়ে কথা বলে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হচ্ছে, এর জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, জনগণ মনে করে এবং দলিল বলে, আপনারাই প্রতারণাটা করেছেন। আমাদের বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের জামাতা রাঙ্গুনিয়ার তৎকালীন চেয়ারম্যান জহির ও বর্তমান চেয়ারম্যান কুতুব উদ্দিন দুজনই চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে জিয়াউর রহমানের কথিত লাশ দাফনের প্রত্যক্ষদর্শী। তাঁরাও বলেছেন যে তাঁরা কোনো লাশ দেখেননি।’
তথ্যমন্ত্রী বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করার পর এটি সমগ্র বাংলাদেশে প্রচার করা হয় এবং চট্টগ্রামে তৎকালীন স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা রেডিওতে বারবার প্রচার করতে থাকেন। তিনি বলেন, চট্টগ্রাম জেলা আওয়ামী লীগ অফিসের কর্মচারী নূরুল হক ২৬ মার্চ গোলাগুলির মধ্যে সারা দিন চট্টগ্রাম শহরে জীবন বাজি রেখে রিকশায় করে স্বাধীনতার ঘোষণা মাইকিং করেন। ২৭ মার্চ জিয়াউর রহমানকে ধরে এনে ঘোষণা পাঠ করতে দেওয়া হলে প্রথমে ভুল করেন ও পরে শুদ্ধভাবে বঙ্গবন্ধুর নামে ঘোষণাটি পাঠ করেন।
মন্ত্রী বলেন, দুঃখজনক হলেও সত্য, স্বাধীনতার ৫০ বছর অতিক্রান্ত হওয়ার পরও বঙ্গবন্ধুকে খাটো করার অপচেষ্টা চালানো হয় এবং স্বাধীনতার খলনায়কদেরকে নায়ক বানানোর চেষ্টা করা হয়। আপনারা কেউ জিয়া কিংবা অন্য কারও আহ্বানে মুক্তিযুদ্ধে যাননি, বঙ্গবন্ধুর আহ্বানে সবাই মুক্তিযুদ্ধে গিয়েছেন। জিয়াউর রহমান নামে একজন মানুষ আছে, সেটি কেউ জানতই না।
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পেছনের ষড়যন্ত্রকারীদের বিচারের মাধ্যমে দেশে ন্যায় প্রতিষ্ঠার কাজকে পূর্ণাঙ্গ করা সম্ভব হবে।

0 মন্তব্যসমূহ
if you have any doubts please let me know